খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবি বাউবি

নিজস্ব প্রতিবেদক ।। যোগফল অনলাইন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “AI-Assisted Academic Writing: Maintaining Authenticity, Critical Thinking, and Human Insight in the Age of Artificial Intelligence (কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে একাডেমিক লেখালেখিতে স্বকীয়তা, সমালোচনামূলক চিন্তন ও মানবিক অন্তর্দৃষ্টি বজায় রাখা)” বিষয়ক (১ম ব্যাচ) প্রশিক্ষণ আজ ১৭ নভেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ই-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। বক্তব্যে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান বিশ্বের জ্ঞানচর্চা, শিক্ষা, গবেষণা ও একাডেমিক লেখালেখির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার পাশাপাশি লেখালেখিতে নিজস্বতা, মৌলিকত্ব, সৃজনশীলতা ও মানবিক চিন্তাশক্তি অক্ষুণ্ণ রাখা অত্যন্ত জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কখনোই মানুষের নিজস্ব চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও বিচারবোধের বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়; বরং একে সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করতে হবে।” তিনি আরও বলেন, “একাডেমিক লেখালেখিতে তথ্যের যথার্থতা, নির্ভরযোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক সততা নিশ্চিত করা অপরিহার্য।

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কোনো লেখা তৈরি বা সম্পাদনার ক্ষেত্রে তথ্য যাচাই, যথাযথ সূত্র উল্লেখ এবং নৈতিক নীতিমালা অনুসরণ করতে হবে। বিশেষ করে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের পাশাপাশি নিজেদের সমালোচনামূলক চিন্তন, সৃজনশীলতা ও গবেষণার সক্ষমতা বাড়াতে হবে।” তিনি আশাবাদ ব্যক্ত করেন এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার সম্পর্কে সচেতন করবে এবং মানসম্মত, মৌলিক ও গবেষণাধর্মী একাডেমিক লেখালেখিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক এবং স্কুল অব বিজনেস এর অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, “বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা একাডেমিক লেখালেখি, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রযুক্তির যথাযথ ব্যবহার একদিকে যেমন লেখালেখির দক্ষতা ও গবেষণার গুণগত মান বাড়াতে সহায়তা করতে পারে, অন্যদিকে এর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতার বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হতে হবে সচেতন, দায়িত্বশীল ও নৈতিকতাভিত্তিক।”

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং এবং জেনারেটিভ এআই টুলসের পরিচিতি, ডকুমেন্টেশন, সারসংক্ষেপ ও প্রতিবেদন লেখার জন্য কার্যকর প্রম্পট তৈরির কৌশল, ব্যবহারের আগে এআইয়ের তৈরি করা ফলাফল যাচাই এবং এআইয়ের প্রধান ঝুঁকি শনাক্তকরণ ও প্রশমন: ভুল তথ্য প্রদান (হ্যালুসিনেশন), পক্ষপাত, তথ্য ফাঁস, অতিরিক্ত স্বয়ংক্রিয়করণ এবং মডেলের ব্যর্থতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমদ। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের মোট ৩৬ জন সহকারী অধ্যাপক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে বিকাল ৩:০০টায় সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকগণের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম