সিরাজদীখানে চাঁদা না দেওয়ায় সড়ক নির্মাণকাজে বাধার অভিযোগ ৩ বিএনপি নেতার বিরুদ্ধে
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে চাঁদা না দেওয়ায় সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির তিন নেতার বিরুদ্ধে। শ্রমিক নিয়ে কাজ শুরু করতে গেলে ঠিকাদারকে বাধা, শ্রমিকদের হুমকি এবং নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার অভিযোগ করেছেন ঠিকাদার। এতে নিরাপত্তার শঙ্কায় কাজ বন্ধ রেখে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন শ্রমিকরা।
এ ঘটনায় প্রতিকার চেয়ে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান এ আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জুয়েল রানা জুলহাস।
শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সী, সহসভাপতি মহিউদ্দিন মোল্লা ও সদস্য মাঈনউদ্দিন মুন্সী।
অভিযোগ সূত্রে জানা যায়, বালুচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার উন্নয়ন প্রকল্পের আওতায় কয়েকটি রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ পান ঠিকাদার জুয়েল রানা জুলহাস। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কয়রাখোলা এলাকায় আক্কাস মোল্লার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সৈয়দ মুন্সীর বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ এবং মুরাদনগরে হামিদের বাড়ি থেকে আবদুর রবের বাড়ি পর্যন্ত বিএফএস রাস্তা নির্মাণ।
ঠিকাদার জুয়েল রানা বলেন, শনিবার মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করতে শ্রমিক ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী নিয়ে ঘটনাস্থলে যান তিনি। এ সময় অভিযুক্ত তিন বিএনপি নেতা সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন। চাঁদা না দিয়ে ওই এলাকায় রাস্তার উন্নয়নকাজ করা যাবে না বলেও দাবি করেন তারা।
তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে শ্রমিকদের চলে যেতে এবং কাজের জন্য আনা যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিতে বলা হয়। এ সময় তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজের ও শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কাজ বন্ধ রেখে ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন তিনি।
অভিযোগের বিষয়ে বালুচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির মুন্সী বলেন, তারা কোনো চাঁদা দাবি করেননি। নির্মাণাধীন রাস্তায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে তারা কাজে বাধা দিয়েছেন।
সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সত্যতা যাচাইয়ের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, অভিযোগটি তদন্তের জন্য প্রকৌশল বিভাগে পাঠানো হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন