খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

বিআরটিসিতে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, মিলবে ১২ হাজার টাকা ভাতাও

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিআরটিসিতে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ, মিলবে ১২ হাজার টাকা ভাতাও

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

নিজেকে দক্ষ চালক হিসেবে গড়ে তুলতে চান, কিন্তু ড্রাইভিং প্রশিক্ষণের খরচ নিয়ে চিন্তিত? তাদের জন্য সুযোগ রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিনামূল্যের ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচিতে। সরকারি ও উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে পরিচালিত এসব কর্মসূচির আওতায় বিনা খরচে গাড়ি চালানো ও প্রাথমিক রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শুধু প্রশিক্ষণ নয়, নির্দিষ্ট কর্মসূচিতে প্রশিক্ষণ শেষে সনদ, পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং উপস্থিতির ভিত্তিতে ভাতা পাওয়ার সুযোগও রয়েছে। আগ্রহীরা কীভাবে আবেদন করবেন, কারা প্রশিক্ষণ নিতে পারবেন এবং কী কী কাগজপত্র প্রয়োজন, তা জেনে নেওয়া যাক।

কোন কোন কর্মসূচিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে?

বিআরটিসি মূলত দুটি প্রকল্পের আওতায় বিনামূল্যে চালক তৈরির প্রশিক্ষণ দিচ্ছে।

১. বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট (BRSP): বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত এ প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরি এবং আগে থেকে পেশায় থাকা চালকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে চার মাস মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

২. স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP): এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির আওতায় নতুন চালকদের হালকা মোটরযান চালানো ও প্রাথমিক রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে SICIP কর্মসূচির ষষ্ঠ পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের ১১টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে এ পর্যায়ে ৭০০ জনকে চার মাসের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথম পাঁচ পর্যায়ে ইতোমধ্যে ৩ হাজার ৫০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

কারা বিনামূল্যে প্রশিক্ষণ পাবেন?

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের ১২ এপ্রিল ২০২৬ তারিখের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের যোগ্যতা ও শর্তগুলো হলো—

  • বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে।

  • কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

  • বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।

  • শারীরিক ও মানসিকভাবে প্রশিক্ষণ গ্রহণের উপযুক্ত হতে হবে।

  • আগে থেকে পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদন করা যাবে না।

  • নারী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীরা বিশেষ অগ্রাধিকার পাবেন।

তবে SICIP ও BRSP প্রকল্পের প্রতিটি পর্যায়ের যোগ্যতার শর্ত এক নয়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পর্যায়ের সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

আবেদন করতে যেভাবে যা করবেন

বিআরটিসির বিনামূল্যের প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

প্রথম ধাপ: বিজ্ঞপ্তি সংগ্রহ

প্রথমে বিআরটিসির ওয়েবসাইটে প্রবেশ করে প্রশিক্ষণসংক্রান্ত সর্বশেষ বিজ্ঞপ্তি দেখতে হবে। সেখানে কোন কোন কেন্দ্রে ভর্তি চলছে, আবেদনের সময়সীমা, যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য পাওয়া যাবে।

ওয়েবসাইট: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)

দ্বিতীয় ধাপ: আবেদন ফরম সংগ্রহ

নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউট বা কেন্দ্র থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। কোনো কোনো কর্মসূচিতে ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোডের সুযোগ রয়েছে। ২০২৬ সালের BRSP বিজ্ঞপ্তিতে বিআরটিসির ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহের কথা বলা হয়েছিল।

তৃতীয় ধাপ: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত

আবেদনের জন্য সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হয়—

  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

  • শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি।

  • সাম্প্রতিক তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

  • নিবন্ধিত চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট (সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ফরম-২ অনুযায়ী)।

  • বিজ্ঞপ্তিতে চাওয়া অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র।

চতুর্থ ধাপ: আবেদন জমা ও বাছাই

আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ইনস্টিটিউট বা কেন্দ্রে আবেদন জমা দিতে হবে। কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী আবেদন যাচাই-বাছাই করে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে।

পঞ্চম ধাপ: প্রশিক্ষণে অংশগ্রহণ

নির্বাচিত হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশ নিতে হবে। এতে তাত্ত্বিক বিষয়ের পাশাপাশি গাড়ি চালানোর ব্যবহারিক প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও গাড়ির প্রাথমিক রক্ষণাবেক্ষণ শেখানো হবে।

প্রশিক্ষণ চলাকালে কী কী সুবিধা পাওয়া যাবে?

বিআরটিসির এসব প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে বিভিন্ন সুবিধা।

  • বিনামূল্যে প্রশিক্ষণ: ড্রাইভিং ও গাড়ির প্রাথমিক রক্ষণাবেক্ষণ শেখানো হবে।

  • ব্যবহারিক শিক্ষা: দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে গাড়ি চালানোর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

  • আর্থিক সহায়তা: SICIP-এর ষষ্ঠ পর্যায়ের প্রশিক্ষণে উপস্থিতির ভিত্তিতে ৮ হাজার টাকা পরিবহন ভাতা ও ৪ হাজার টাকা আপ্যায়ন ভাতার ব্যবস্থা রয়েছে বলে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।

  • প্রশিক্ষণ সনদ: সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে সনদ দেওয়া হবে।

  • পেশাদার ড্রাইভিং লাইসেন্স: নির্ধারিত শর্ত ও পরীক্ষায় উত্তীর্ণদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ব্যবস্থা রয়েছে।

কোথায় যোগাযোগ করবেন?

দেশের বিভিন্ন অঞ্চলে বিআরটিসির প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্র রয়েছে। আগ্রহীরা নিজেদের নিকটস্থ কেন্দ্রে যোগাযোগ করে পরবর্তী ব্যাচের ভর্তি ও আবেদনসংক্রান্ত তথ্য জানতে পারবেন।

ঢাকায় যোগাযোগের ঠিকানা:

  • বিআরটিসি কেন্দ্রীয় কার্যালয়: ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০।

  • তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউট: ৩২, শহীদ ক্যাপ্টেন মাহবুব সড়ক, তেজগাঁও, ঢাকা-১২০৮।

  • যোগাযোগ নম্বর: ০২-২২২২৫১৯৫৬, ০২৯২৪৮-২০৩৯৬৩।

এ ছাড়া বিআরটিসির অফিশিয়াল ওয়েবসাইট ও ড্রাইভিং প্রশিক্ষণ ব্যবস্থাপনা সিস্টেম থেকে প্রশিক্ষণসংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে।

এখনই কি আবেদন করা যাবে?

এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি। ২০২৬ সালের ১২ এপ্রিল প্রকাশিত BRSP প্রকল্পের ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ছিল ২৬ এপ্রিল। অন্যদিকে SICIP-এর ষষ্ঠ পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়েছে ১ নভেম্বর ২০২৬।

ফলে এসব পর্যায়ের পুরোনো বিজ্ঞপ্তি দেখে এখন আবেদন করতে যাওয়া ঠিক হবে না। আগ্রহীদের পরবর্তী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বিআরটিসির ওয়েবসাইট ও সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রের নোটিশ অনুসরণ করতে হবে। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলে নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।

সব মিলিয়ে, যারা পেশাদার চালক হিসেবে কর্মজীবন গড়তে চান, তাদের জন্য বিআরটিসির বিনামূল্যের প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিশেষ করে তরুণ, নারী ও নতুন চালকদের দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের পথ তৈরিতে এ উদ্যোগ সহায়ক হতে পারে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম