খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

সিডরের ১৯ বছর: দুমকিতে আজও স্বজন হারানোর শোক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সিডরের ১৯ বছর: দুমকিতে আজও স্বজন হারানোর শোক

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

আজ ১৫ নভেম্বর, ভয়াল ঘূর্ণিঝড় সিডরের ১৯তম বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে প্রলয়ংকরী সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় পটুয়াখালীর দুমকীসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ উপকূলীয় জনপদ। প্রবল বাতাস, জলোচ্ছ্বাস ও গাছচাপায় দুমকিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটে। বিধ্বস্ত হয় অসংখ্য ঘরবাড়ি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কৃষি, মৎস্য ও যোগাযোগ অবকাঠামো।

সিডরের তাণ্ডবে পায়রা ও লোহালিয়া নদীবেষ্টিত দুমকির নিম্নাঞ্চল প্লাবিত হয়। বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয় বেড়িবাঁধ। উপজেলার পাঙ্গাশিয়া, লেবুখালী, শ্রীরামপুর, আংগারিয়া ও মুরাদিয়াসহ বিভিন্ন এলাকায় অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। উপড়ে যায় বড় বড় গাছপালা। সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ব্যাহত হয় যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ।

ঘূর্ণিঝড়ের জলোচ্ছ্বাসে আমন ধান, শীতকালীন শাকসবজির ক্ষেত, মাছের ঘের ও পুকুর তলিয়ে যায়। এতে কৃষক ও মৎস্যচাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। জীবিকা হারিয়ে দুর্ভোগে পড়েন অসংখ্য পরিবার। ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ সময় লড়াই করতে হয়। ১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের সেই ভয়াল রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় উপকূলের মানুষকে।

সিডরের তাণ্ডবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া গ্রামে। সেখানে মৃত চান্দু মল্লিকের ছেলে মজিবর মল্লিক, তার স্ত্রী রাবেয়া বেগম ও তাদের শিশু কন্যা ঘরচাপা পড়ে মারা যান। ওই ঘটনায় বাবা-মা ও ছোট বোনকে হারানো তাদের ছেলে রাজীব মল্লিক আজও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। ১৯ বছর পরও পরিবারের তিন সদস্যকে হারানোর স্মৃতি মনে পড়লে কান্নায় ভেঙে পড়েন তিনি।

উপজেলার রাজাখালী গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ হাওলাদার বলেন, সিডরের ভয়াবহতায় তার পরিবারের কারও প্রাণহানি না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রবল বাতাসে গাছপালা উপড়ে পড়ে এবং জলোচ্ছ্বাসে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়।

সিডরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষাপ্রতিষ্ঠানও। এলো এ এম ইউনাইটেড মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সমীর কুমার দাস জানান, ঘূর্ণিঝড়ে কলেজের টিনশেড ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ভবনের টিনের চাল উড়ে গিয়ে পাশের একটি বাড়ির গাছের মাথায় দুমড়েমুচড়ে আটকে পড়ে। সরকারি কোনো অনুদান না পাওয়ায় পরে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে চাঁদা তুলে ভবনটি সংস্কার করতে হয়েছিল।

উপকূলীয় এ জনপদের মানুষের কাছে সিডর এখনো প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার এক জীবন্ত স্মারক। ভবিষ্যতে এমন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কবার্তা এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম