নির্বিঘ্নে দুর্গাপূজা-শ্যামাপূজা উদযাপন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অপর্ণা রায়ের
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায়। তিনি বলেন, এর ধারাবাহিকতায় দেশের ধর্মীয় সংখ্যালঘুদের মনেও স্বস্তি ফিরে আসে। স্বাধীন বাংলাদেশে এবারই প্রথম দুর্গাপূজা ও শ্যামাপূজা নির্বিঘ্নে উদযাপিত হয়েছে।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপর্ণা রায় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্গাপূজা ও শ্যামাপূজা নির্বিঘ্নে উদযাপনে সরকারের সব বাহিনী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএনপির নেতাকর্মীরা কাজ করেছেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শ্রী কমল কুমার ত্রিবেদীর সভাপতিত্বে এবং তরুণ কুমার সাহার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য সুভাষ চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তোসিকুল ইসলাম, ইউসুফ আলী, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, ফারুক হোসেন, আবেদ হোসেন, জেলা ছাত্রদলের সদস্য সচিব আখতারুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়ক শ্রী মহন্ত হালদার ও সদস্য সচিব সঞ্জীব সাহা প্রমুখ।
অনুষ্ঠানে নির্বিঘ্নে পূজা উদযাপনের ব্যবস্থা করায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এবং দেশের সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অপর্ণা রায়। একই সঙ্গে আগামীতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সব সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন