নোয়াখালী যুবদল সভাপতি সুমনের বিরুদ্ধে দখল-চাঁদাবাজি ও আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও নোয়াখালী জেলা শাখার সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের বিরুদ্ধে জমি ও ফ্ল্যাট দখল, চাঁদাবাজি, ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি অভিযোগকারীদের।
অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মামলা, হামলা ও জেল-জুলুমের শিকার হলেও সুমন ছিলেন অনেকটা নির্বিঘ্নে। এ ক্ষেত্রে তাঁর ভায়রা আওয়ামী লীগ নেতা ইসতিয়াক আলম সোহানের প্রভাব কাজে লাগানোর অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় ফিরে তিনি নিজস্ব বলয় তৈরি করে দখল ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।
সুমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দলের এক কেন্দ্রীয় নেতা। এর আগে ২০২৫ সালের ১৪ এপ্রিল বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। তবে অভিযোগকারীদের দাবি, সে সময় কোনো কার্যকর তদন্ত হয়নি।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় দখল ও চাঁদাবাজির পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির-বাণিজ্যে জড়িয়ে পড়েন সুমন। এ ছাড়া এসব কর্মকাণ্ডের অর্থে নোয়াখালীর গণিপুর এলাকায় তাঁর একটি বিলাসবহুল দোতলা বাড়ি নির্মাণের বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। হঠাৎ বিপুল অর্থ ও সম্পদের মালিক হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা।
ফ্ল্যাট ও জমি দখলের অভিযোগ
চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর কুরিপাড়ার বাসিন্দা কাজল রেখার একটি ফ্ল্যাট সুমনের লোকজন দখল করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
২০২৫ সালের ১৯ মে সংবাদ সম্মেলনে কাজল রেখা অভিযোগ করেন, ২০১০ সাল থেকে বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নূর হোসেন ফ্ল্যাটটি দখলে রেখেছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর নূর হোসেন আত্মগোপনে গেলে গত ৮ মার্চ তিনি ফ্ল্যাটটি উদ্ধার করেন। পরে নূর হোসেন মঞ্জুরুল আজিম সুমনের সহায়তায় আবারও ফ্ল্যাটটি দখল করেন বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে চৌমুহনী ডেল্টা গেটসংলগ্ন একটি জমি জোরপূর্বক দখল করে ছয়তলা ভবন নির্মাণের অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে সুমনের ভায়রা ইসতিয়াক আলম সোহানকে সামনে রেখে তৎকালীন সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের প্রভাব কাজে লাগানো হয় বলে অভিযোগ। কিরণের মাধ্যমেই ভবনের মার্কেটটি উদ্বোধন করা হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ইসতিয়াক আলম সোহান বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন এবং তৎকালীন সংসদ সদস্য কিরণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হামলার পেছনেও তাঁর ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে সুমন তাঁকে ও তাঁর অনুসারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
অন্যদিকে, ৫ আগস্টের পর দলীয় প্রভাব ব্যবহার করে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ২০ শতাংশ সরকারি জমি দখলের অভিযোগও উঠেছে সুমনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, ওই জমি তাঁর বড় ভাই, ভাতিজি ও মেয়েসহ মোট ৩২ জনের নামে নেওয়া হয়েছে।
হকার্স মার্কেটের কমিটি পরিবর্তন ও দোকান দখল
চৌমুহনী হকার্স মার্কেটের বিএনপিপন্থি কমিটি ভেঙে দিয়ে তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণকে সভাপতি এবং ইসতিয়াক আলম সোহানকে সহসভাপতি করার পেছনেও সুমনের ভূমিকা ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
তাঁদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ওই মার্কেট থেকে বিএনপিপন্থি অনেক দোকানদারকে উচ্ছেদ করা হয়। এ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও চৌমুহনী বাজারে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমের মোরশেদ কমপ্লেক্সে জুলাই শহীদ আবু সাঈদের নামে ব্যানার লাগিয়ে প্রথমে ভবনটি দখল করা হয়। পরে কমপ্লেক্সটির ১০ থেকে ১২টি দোকান দখলে নেওয়া হয়। কয়েক দিন পর বড় অঙ্কের অর্থের বিনিময়ে ওই ব্যানার সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে ভুক্তভোগীদের অনেকে সুমনের ভয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি বলে জানা গেছে।
জুলাই হত্যা মামলার আসামিকে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগ
জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে দায়ের করা হত্যা মামলার এক আসামিকে যুবদলের পদধারী কর্মী হিসেবে প্রত্যয়নপত্র দেওয়ার অভিযোগও রয়েছে সুমনের বিরুদ্ধে।
জানা গেছে, জুলাই শহীদ মো. সানির বাবা মো. সাহিদ ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় শেখ হাসিনাকে ১ নম্বর আসামি এবং যুবলীগ নেতা দেলোয়ার হোসেন সবুজকে ৪৬ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়।
অভিযোগ রয়েছে, সবুজ গ্রেপ্তার হওয়ার পর ২০২৪ সালের ১৩ নভেম্বর নোয়াখালী জেলা যুবদলের প্যাড ব্যবহার করে তাঁকে বিএনপির পদধারী কর্মী হিসেবে প্রত্যয়নপত্র দেন সুমন। পরে সবুজ জামিন পান। এ ঘটনায় স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয় বলে জানা গেছে।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, অতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী বরকত উল্লাহ বুলুর নির্বাচনি জনসভায় হামলা, গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় সবুজের সংশ্লিষ্টতা ছিল। অথচ তাঁকে বিএনপির পদধারী কর্মী হিসেবে প্রত্যয়ন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ
স্থানীয় বিএনপি নেতাদের দাবি, গত ১৭ বছরে বেগমগঞ্জে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সুমনকে সক্রিয়ভাবে দেখা যায়নি। তিনি দীর্ঘদিন পরিবারসহ ঢাকায় বসবাস করেছেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এলাকায় ফিরে রাজনৈতিক প্রভাব ও আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামী লীগের একাধিক বিতর্কিত নেতাকে চৌমুহনী বাজারে পুনর্বাসন করেছেন বলে অভিযোগ রয়েছে।
তাঁদের আশঙ্কা, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।
আগেও বহিষ্কার হয়েছিলেন সুমন
দলীয় কোন্দল, সংঘাত ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০১১ সালের ১০ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সুমনকে বহিষ্কার করা হয়েছিল। প্রায় সাত বছর পর ক্ষমা প্রার্থনা ও শর্তসাপেক্ষে ২০১৮ সালে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলটি।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ২০১১ সালের পৌরসভা ও উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি মনোনীত প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হন। ওই নির্বাচনে চৌমুহনী পৌরসভায় বিএনপির প্রার্থী জুলফিকার আলী ভুট্টু এবং বেগমগঞ্জ উপজেলায় অ্যাডভোকেট আবদুর রহিম পরাজিত হন। এ ঘটনার পরই তাঁকে বহিষ্কার করা হয়েছিল বলে জানান তাঁরা।
বিরোধীদের সঙ্গে আঁতাত করে বিদ্রোহী প্রার্থী দাঁড় করানোর অভিযোগ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সঙ্গে আঁতাত করে বিএনপি মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা করছেন সুমন—এমন অভিযোগও তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের আশঙ্কা, এ ধরনের তৎপরতায় ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
নোয়াখালী জেলা বিএনপির এক নেতা বলেন, রাজনৈতিক প্রভাবের অপব্যবহার ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগগুলো তদন্ত করে সুমনের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় স্থানীয় পর্যায়ে দলের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে, যার প্রভাব পড়তে পারে স্থানীয় সরকার নির্বাচনে।
জেলা বিএনপির আরেক নেতা বলেন, মঞ্জুরুল আজিম সুমন জেলা যুবদলের সভাপতি হলেও তিনি বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। শুধু দলীয় কর্মসূচি থাকলেই এলাকায় আসেন। তাঁর ভায়রা ইসতিয়াক আলম সোহান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং অতীতে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অস্বীকার সুমনের
এসব অভিযোগের বিষয়ে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন কালবেলাকে বলেন, স্থানীয় নেতাকর্মীদের অনুরোধে দেলোয়ার হোসেন সবুজকে প্রত্যয়নপত্র দিয়েছেন। সবুজ তাঁর সঙ্গে মন্দির ভাঙার মামলায় জেল খেটেছেন।
হকার্স মার্কেটের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ ঘটনায় তাঁর সম্পৃক্ততার কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। এসব ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। কাজল রেখা আওয়ামী লীগ করেন উল্লেখ করে তিনি বলেন, তাঁর ফ্ল্যাট দখলের সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই। ফ্ল্যাটটি দখল করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূর হোসেন মাসুদ। পরে কাজল রেখার বিরুদ্ধে তিনি মানহানির মামলা করেছেন, যার তদন্ত চলছে।
সচিবালয়ে তদবির-বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে সুমন বলেন, এলাকার বিভিন্ন কাজের জন্য তিনি সচিবালয়ে গেছেন।
ভায়রা ইসতিয়াক আলম সোহানের বিষয়ে তিনি বলেন, সোহান আওয়ামী লীগের কোনো পদে নেই। কেউ এর প্রমাণ দেখাতে পারবে না। জামায়াতের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন সুমন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন