সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ, দাবি রাশেদ খানের
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ায় সারজিস আলমকে বহিষ্কার এবং হাসনাত আবদুল্লাহকে শোকজ নোটিশ দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম—এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি করেন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সময় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ১৯ জুলাই, যেদিন জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি মানুষ শহীদ হন, সেদিন আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন তারা। একই সময়ে আব্দুল কাদেরের ঘোষিত ৯ দফা দাবি বানচাল করতে ৮ দফা কর্মসূচি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও লেখেন, ‘লীগ-চাটা হাসনাত-সারজিস আজকে জামায়াতি জাতির আব্বা হয়ে গেছে! আর ইতিহাস থেকে হারিয়ে গেছে আব্দুল কাদেররা।’
স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও দাবি করেন, ওই দিন হাসনাত আবদুল্লাহ হাসিব আল ইসলামকে ফোন করে মেস থেকে নিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দিতে যান। আরও কয়েকজনকে ওই বৈঠকে নেওয়ার চেষ্টা করা হলেও শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে চাননি বলে তারা বৈঠকে যাননি।
তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও অন্তত গণঅভ্যুত্থানের সময় তাদের ভূমিকা সঠিক ছিল। কিন্তু ওই সময় প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে গিয়ে ৯ দফা দাবি বানচালের ষড়যন্ত্রে জড়িয়েছিলেন হাসনাত ও সারজিস।
রাশেদ খাঁনের দাবি, সারজিস আলমের বহিষ্কার এবং হাসনাত আবদুল্লাহকে শোকজ করার তথ্য এখনো নেত্র নিউজে রয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন