খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

মামুনুল হকের তিন মুরুব্বিকে ওলীপুরীর ছয় পৃষ্ঠার চিঠি, কওমি অঙ্গনে বিতর্ক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মামুনুল হকের তিন মুরুব্বিকে ওলীপুরীর ছয় পৃষ্ঠার চিঠি, কওমি অঙ্গনে বিতর্ক

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) আমির মাওলানা মামুনুল হকের সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান ঘিরে কওমি অঙ্গনে মওদুদী ও সালাফি মতাদর্শের প্রভাব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ‘আকিদা, দেওবন্দিয়ত ও কওমি ঐতিহ্যের সুরক্ষায়’ মামুনুল হকের তিন মুরুব্বির কাছে ছয় পৃষ্ঠার একটি লিখিত চিঠি পাঠিয়েছেন হবিগঞ্জের মাদ্রাসা নূরে মদিনার পরিচালক ও আলেম মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী।

সম্প্রতি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে খাদিমুল কোরআন পরিষদের তাফসির মাহফিলে মামুনুল হককে অতিথি করার সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় আলেমদের একাংশ অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, মামুনুল হক জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক অবস্থান বজায় রেখেও কওমি সমাজের প্রতিনিধিত্বের দাবি করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।

এ নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে আসার পর ওলীপুরীর চিঠির বিষয়টি কওমি অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিজেদের অবস্থান জানিয়েছেন মামুনুল হকের তিন মুরুব্বি।

চিঠিতে বলা হয়েছে, এর আগে এক বক্তব্যে মামুনুল হক জানিয়েছিলেন, তার কোনো বক্তব্য বা কর্মকাণ্ড নিয়ে কারও আপত্তি থাকলে তা যেন তার তিন মুরুব্বির কাছে উপস্থাপন করা হয়। তাদের সিদ্ধান্ত তিনি মেনে চলবেন বলেও জানিয়েছিলেন। সেই নির্দেশনা অনুসারে মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী, গাজীপুরের অধ্যক্ষ শাহ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী (দেওনার পীর) এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের কাছে চিঠিটি পাঠান ওলীপুরী।

চিঠির বিষয়ে মাওলানা লিয়াকত আলী জানান, চিঠি পাওয়ার সময় তিনি অসুস্থ ছিলেন এবং কিছুটা ব্যস্ততাও ছিল। তিনজন একসঙ্গে বসে পরামর্শ করে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘চিঠিটি তো মূলত তিনজনকে দেওয়া হয়েছে। তাই আমরা চেয়েছিলাম তিনজন একসঙ্গে বসে পরামর্শ করে জবাবটা দেব। এখন আমরা তিনজন বসে পরামর্শ করে জবাবটা দেব ইনশাআল্লাহ।’

অন্যদিকে মাওলানা মাহফুজুল হক লিখিত জবাবের পরিবর্তে সরাসরি আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, চিঠিতে উত্থাপিত বিষয়গুলো লিখিত জবাব দেওয়ার মতো নয়; বরং সামনাসামনি আলোচনার বিষয়।

তিনি বলেন, ‘আমরা চিঠি পেয়েছি, তবে চিঠির বিষয়গুলো এমন যে, এটা লিখিত জবাব দেওয়ার মতো কিছু না। এটা হলো সাক্ষাতে কথা বলার মতো বিষয়। ওলীপুরী সাহেব তো ওইরকমভাবে সাক্ষাতে কথা বলার মতো কোনো উদ্যোগ নেননি। আমরা মনে করি এখানে মাওলানা মামুনুল হকসহ সবাই বসে কথা বলা দরকার। তো কোনো সময় সরাসরি সাক্ষাতে বসার উদ্যোগ নিলে ইনশাআল্লাহ আমরা কথা বলব।’

তৃতীয় মুরুব্বি অধ্যক্ষ শাহ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরীও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাইরে অবস্থান করায় পরে বিস্তারিত মতামত জানাবেন বলে জানান তিনি।

চিঠিতে ওলীপুরীর পাঁচটি প্রধান আপত্তি

দীর্ঘ চিঠিতে মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী আকিদা ও কওমি-দেওবন্দি আদর্শ রক্ষার বিষয়ে বেশ কিছু তাত্ত্বিক ও রাজনৈতিক প্রশ্ন তুলেছেন। এর মধ্যে রয়েছে—

১. আকিদাগত তুলনা ও বিভ্রান্তির আশঙ্কা: মামুনুল হকের একটি বক্তব্যে চার মাজহাব—হানাফি, মালেকি, শাফেয়ি ও হাম্বলি—এর আকিদার সঙ্গে সালাফি ও মওদুদীবাদের আকিদার তেমন কোনো পার্থক্য নেই বলে উল্লেখ করার বিষয়টি চ্যালেঞ্জ করেছেন ওলীপুরী। তার দাবি, চার মাজহাবের আকিদার সঙ্গে সালাফি ও মওদুদীবাদীদের আকিদার মৌলিক ও ব্যাপক পার্থক্য রয়েছে। মামুনুল হকের এমন বক্তব্য সাধারণ আলেম ও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

২. ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে আপত্তি: নির্বাচনি প্রচারে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লাকে ইনসাফ ও ওলামায়ে কেরামের প্রতীক হিসেবে আখ্যা দেওয়ার সমালোচনা করেছেন ওলীপুরী। তার প্রশ্ন, যেসব দল আকাবির, সাহাবা ও সালাফদের সঙ্গে বে-ইনসাফি করেছে বলে তিনি মনে করেন, তাদের প্রতীক কীভাবে আলেমদের প্রতীক হতে পারে।

৩. দেওবন্দি-হানাফি আকিদা সংশোধনের আহ্বান: মামুনুল হকের পক্ষ থেকে দেওবন্দি ও হানাফিদের আকিদা সংশোধনের আহ্বানকে অনভিপ্রেত বলে উল্লেখ করেছেন ওলীপুরী। তার মতে, এ ধরনের বক্তব্য শত বছরের ঐতিহ্যের ওপর আঘাতের শামিল।

৪. রাজনৈতিক ঐক্যের নজির: মওদুদীবাদীদের সঙ্গে মামুনুল হকের রাজনৈতিক ঐক্যকে শাইখুল হিন্দ (রহ.)-এর কংগ্রেসের সঙ্গে ঐক্যের উদাহরণ হিসেবে উপস্থাপনকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন ওলীপুরী। চিঠিতে তিনি উল্লেখ করেন, মামুনুল হকের বাবা শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক (রহ.) তাঁর বুখারি শরিফের ব্যাখ্যাগ্রন্থে মওদুদীর বিভিন্ন মতাদর্শের দলিলভিত্তিক খণ্ডন করেছেন। চিঠিতে মওদুদীবাদী বলতে জামায়াতে ইসলামীকে বোঝানো হয়েছে।

৫. ‘আকিদাতুল জিহাদিয়া’ পরিভাষা: জিহাদকে মূল আকিদা হিসেবে উপস্থাপন এবং ‘আকিদাতুল জিহাদিয়া’ পরিভাষা ব্যবহারের শাস্ত্রীয় ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ওলীপুরী। একই সঙ্গে দেওবন্দি আকিদার সঠিক ব্যাখ্যা তুলে ধরার দাবি জানিয়েছেন তিনি।

মাহফিল স্থগিত, পদত্যাগ সভাপতি-সম্পাদকের

সিলেটে খাদিমুল কোরআন পরিষদের তাফসির মাহফিলে মামুনুল হককে অতিথি করা নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ থেকেই কওমি অঙ্গনে মওদুদীবাদী মতাদর্শের প্রভাব নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় ওলীপুরীর চিঠির বিষয়টি সামনে আসে।

পরিষদের চলতি বছরের তাফসির মাহফিল আগামী ১৯, ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চলমান বিতর্কের কারণে পূর্বনির্ধারিত সময়ে মাহফিল হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এরই মধ্যে সংগঠনটির সভাপতি মাওলানা মাশুক উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা আসজাদ পদত্যাগ করেছেন।

পরিষদ সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার আহ্বায়ক কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা এবং নতুন মজলিসে শুরা গঠনের কথা রয়েছে। পরে ১০ নভেম্বর নতুন শুরার বৈঠকে তাফসির মাহফিলের নতুন তারিখ ঘোষণা হতে পারে।

এদিকে তিন মুরুব্বির বক্তব্যে বিষয়টি সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানের আগ্রহের কথা উঠে এসেছে। এখন ওলীপুরী কিংবা তিন মুরুব্বির উদ্যোগে আনুষ্ঠানিক যৌথ বৈঠক হয় কি না, সেটিই দেখার বিষয়।

উল্লেখ্য, প্রতিবেদনে মুরুব্বি হিসেবে উল্লেখ করা মাওলানা লিয়াকত আলীকে সম্প্রতি নিজের রাজনৈতিক অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন মামুনুল হক। তবে মাওলানা মাহফুজুল হক ও অধ্যক্ষ শাহ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরীকে তিনি মুরুব্বি হিসেবে অনুসরণ করেন কি না, তা কালবেলা স্বাধীনভাবে নিশ্চিত হতে পারেনি। ওলীপুরীর চিঠি এবং মাহফুজুল হক ও অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনে তাদের মুরুব্বি হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি কালবেলার নিজস্ব কোনো মূল্যায়ন নয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম