ইতিহাস থেকে কারও অবদান মুছে ফেলার সুযোগ নেই: হুইপ দুলু
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা এবং পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে যাদের অবদান রয়েছে, ইতিহাস থেকে তাদের নাম মুছে ফেলা বা অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যার যে অবদান, সেই সত্য ইতিহাস আমাদের লিখতে হবে। স্বাধীনতা যুদ্ধ ও সার্বভৌমত্বের কথা বললে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কথা যেমন আসে, তেমনি জাতীয়তাবাদের ভিত্তিতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে এক সুতোয় বাঁধার অবদানও অনস্বীকার্য।
তিনি আরও বলেন, অতীতে বারবার ইতিহাস বিকৃত করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান ও বিএনপিকে ছোট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইতিহাস বিকৃত করে আমরা কেবল জাতি হিসেবে নিজেদেরই ছোট করেছি।
দুলু বলেন, এম এ জি ওসমানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মাওলানা ভাসানী কিংবা শেখ মুজিবুর রহমান—স্বাধীনতার ইতিহাসে এ দেশের মানুষের জন্য যাদের অবদান রয়েছে, তারা সবাই সম্মানিত। আমরা আর প্রতিহিংসা ও আক্রমণের রাজনীতিতে ফিরে যেতে চাই না। তারেক রহমানের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে।
এর আগে সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জেলা প্রশাসন আয়োজিত দিবসটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতারা।
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন