গ্রাম পুলিশের বেতন বাড়ল ৩ হাজার টাকা, মিলবে মোবাইল ভাতাও
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
গ্রাম পুলিশের বেতন, অবসরকালীন আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। পাশাপাশি দায়িত্ব পালনে তথ্য আদান-প্রদানের সুবিধার্থে প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মাসে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশে এসব ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সাধারণ গ্রাম পুলিশের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ তাদের বেতন বেড়েছে ৩ হাজার টাকা। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানের মাসিক বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়েছে।
অবসরকালীন আনুতোষিকও বাড়ানো হয়েছে। সাধারণ গ্রাম পুলিশের আনুতোষিক ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। এতে তারা অতিরিক্ত ১০ হাজার টাকা পাবেন। অন্যদিকে গ্রাম পুলিশ প্রধানের আনুতোষিক ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। ফলে তাদের আনুতোষিক বেড়েছে ২০ হাজার টাকা।
গ্রাম পুলিশের যাতায়াত ভাতাও বাড়ানো হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে স্থানীয় থানায় যাতায়াতের জন্য আগে প্রতি সপ্তাহে ৩০০ টাকা পেতেন গ্রাম পুলিশ সদস্যরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ভাতা ২০০ টাকা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। আর গ্রাম পুলিশ প্রধানের যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা।
এ ছাড়া দায়িত্ব পালনের সময় তথ্য আদান-প্রদানের জন্য মোবাইল ফোন ব্যবহারের খরচ বাবদ প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যকে মাসে ১৫০ টাকা করে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন