বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদ মালিথা ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন ওয়াদ মালিথা। এ সময় খলিশাকুন্ডির দিকে যাচ্ছিল চার কিশোরসহ একটি মোটরসাইকেল। মোটরসাইকেলটি দ্রুতগতিতে যাওয়ার একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা ওয়াদ মালিথাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক পালিয়ে যায়। তবে মোটরসাইকেলের অপর তিন আরোহীকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, আটক ও পলাতক কিশোরেরা পার্শ্ববর্তী ভেড়ামারা গ্রামের বাসিন্দা।
এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে ঘোড়ামারা ও ভেড়ামারা গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করা হয়েছে এবং তাঁরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।