যোগফল প্রতিবেদক:
বয়সকে উপেক্ষা করে এখনো নিয়মিত অভিনয় করে যাচ্ছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮তম সিজন সঞ্চালনা করছেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীর জীবনের গল্প শুনে আবেগপ্রবণ হতেও দেখা যায় তাকে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে অমিতাভ বচ্চনের একটি পোস্টকে কেন্দ্র করে তার অবসর নেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার একটি ব্লগ পোস্টের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে সামাজিক মাধ্যমে অভিনয়জীবনের ইতি টানার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়।
ঘটনার সূত্রপাত অমিতাভ বচ্চনের একটি ব্লগ পোস্টকে ঘিরে। সেখানে তিনি লিখেছিলেন, ‘অনেক হয়েছে, এবার থামার সময় হয়েছে।’ এই বক্তব্যকে নেটিজেনদের একাংশ অবসরের ইঙ্গিত হিসেবে ধরে নেন।
তবে পরে বিষয়টি পরিষ্কার করেন অমিতাভ বচ্চন। তিনি জানান, অভিনয় থেকে অবসর নেওয়ার কথা তিনি বলেননি। বরং রাতের কাজ শেষে ঘুমাতে যাওয়ার কথাই বোঝাতে ওই মন্তব্য করেছিলেন।
রসিকতা করে বিগবি বলেন, ‘না হুজুর, কাজ থেকে অবসর নিচ্ছি না। এবার আমি ঘুমাতে যাচ্ছি।’
এদিকে, সবার আগে সংবাদ প্রকাশের প্রতিযোগিতা নিয়েও মন্তব্য করেছেন অমিতাভ বচ্চন। চটকদার শিরোনাম তৈরি করে অর্থ উপার্জনের প্রবণতার সমালোচনা করে তিনি এটিকে বর্তমান সময়ে হাস্যকর বলেও উল্লেখ করেন।
অমিতাভ বচ্চনের এই বক্তব্যের পর তার অবসর নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের অবসান হয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম