বাংলাদেশের চলচ্চিত্রে যুক্ত হলো নতুন এক গৌরবের অধ্যায়। নির্মাতা রুবাইয়াত হোসেনের হররধর্মী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগ ‘হরাইজনস’-এ নির্বাচিত হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এই বিভাগে প্রতিযোগিতার সুযোগ পেল।
ঢাকার একটি পরিচিত বিউটি পার্লারকে ঘিরে নির্মিত চলচ্চিত্রটির গল্পে উঠে এসেছে এক তরুণীর বিয়ের প্রস্তুতির সময় ঘটে যাওয়া রহস্যময় ও ভৌতিক অভিজ্ঞতা। সৌন্দর্য, বিশ্বাস, স্মৃতি এবং আতঙ্কের মিশেলে নির্মিত এই গল্পের অনুপ্রেরণা এসেছে ঢাকার একটি পুরোনো নগর-লোককাহিনি থেকে বলে জানিয়েছেন পরিচালক রুবাইয়াত হোসেন।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রোকেয়া নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। নাম ভূমিকায় রয়েছেন জাইনিন চৌধুরী করিম। এছাড়া অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন দামীর খান।
বাংলাদেশে শুটিং শেষে ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে ফ্রান্সের প্যারিস এবং পর্তুগালের লিসবনে। এটি রুবাইয়াত হোসেন পরিচালিত চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটি ফন্ডাজিওনে প্রাদা ফিল্ম ফান্ড-এর পোস্ট-প্রোডাকশন সহায়তাও পেয়েছে।
চলচ্চিত্রটির আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব নিয়েছে ফিল্মস বুটিক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাঁ-ক্রিস্তফ সিমোঁ বলেন, রুবাইয়াত হোসেন তার আগের চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’-এর মতো এবারও শক্তিশালী নারী চরিত্র ও স্বতন্ত্র নির্মাণশৈলী নিয়ে আন্তর্জাতিক দর্শকের সামনে হাজির হয়েছেন। তাঁর বিশ্বাস, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বিশ্বজুড়ে প্রশংসা কুড়াবে।
এই অর্জনে পুরো টিম, শিল্পী, কলাকুশলী, সহ-প্রযোজক এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। তিনি বলেন, একটি চলচ্চিত্র নির্মাণের পেছনে দীর্ঘ সময়ের শ্রম, ধৈর্য এবং সম্মিলিত প্রচেষ্টা থাকে। এই সাফল্য পুরো দলের।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ফ্রান্সের লে ফিল্মস দ্য লা’প্রে-মিদি। সহ-প্রযোজক হিসেবে রয়েছে পর্তুগালের মিদাস ফিল্মস, বাংলাদেশের খনা টকিজ, নরওয়ের বারেন্টসফিল্ম এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন। এছাড়া ইউরইমেজেস, ফ্রান্সের সিএনসি, পর্তুগালের আইসিএ, নরওয়ের সোরফন্ড এবং জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের সহায়তায় নির্মিত হয়েছে ছবিটি। সিনেমাটির সিনেমাটোগ্রাফি করেছেন লিওনর তেলেস এবং সংগীত পরিচালনা করেছেন ব্রিটিশ সুরকার জিম উইলিয়ামস।
উল্লেখ্য, ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ ভেনিস উৎসবের ‘হরাইজনস’ বিভাগে প্রদর্শিত হয়েছিল। তবে এবারই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র একই বিভাগের প্রতিযোগিতা তালিকায় জায়গা করে নিয়ে ইতিহাস গড়ল।
আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম