মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের অবস্থান পোক্ত করেছেন লামিন ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পর এবার ব্যালন ডি’অর জয়ের অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন বার্সেলোনার এই তরুণ উইঙ্গার। সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ বছরের পুরোনো একটি ঐতিহাসিক রেকর্ডও ভেঙে দিতে পারেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বিশ্বকাপ জয়ের পর ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’অরের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ফুটবলারদের একজন এখন ইয়ামাল।
বিশ্বকাপ ও লা লিগা—দুই বড় শিরোপা জিতে দুর্দান্ত একটি মৌসুম পার করেছেন এই স্প্যানিশ তারকা। পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে বিশ্বের সেরা ফুটবলারদের কাতারে নিয়ে গেছেন তিনি।
ফুটবল ইতিহাসে এত কম বয়সে বিশ্বকাপ জয়ের নজির খুবই বিরল। ব্রাজিলের কিংবদন্তি পেলে এবং ইতালির জিউসেপ্পে বেরগোমির পর সবচেয়ে কম বয়সী বিশ্বকাপজয়ী গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তালিকায় জায়গা করে নিয়েছেন ইয়ামাল।
জাতীয় দলের হয়ে ইতোমধ্যে ৩৩টি ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়ে জিতেছেন তিনটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে। আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগা জয়ের লক্ষ্যও রয়েছে তার।
গত মৌসুমে লা লিগায় ১৬ গোল ও ১১ অ্যাসিস্ট করে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান ইয়ামাল। ফেররান তোরেসের সঙ্গে যৌথভাবে জেতেন জাররা ট্রফি। বার্সেলোনার জার্সিতে এখন পর্যন্ত ১৫১ ম্যাচে তার গোল ৪৯টি এবং অ্যাসিস্ট ৪৪টি।
বিশ্বকাপে বাঁ হাঁটুর টেন্ডনের চোট নিয়েও দারুণ পারফরম্যান্স করেন ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে গোল করার পাশাপাশি সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে স্পেনের প্রথম গোলের পেনাল্টিও আদায় করেন। পুরো টুর্নামেন্টে সফল ড্রিবলের সংখ্যায় তার ওপরে ছিলেন শুধু আর্জেন্টিনার লিওনেল মেসি।
এমন পারফরম্যান্সের সুবাদে ২০২৬ সালের ব্যালন ডি’অরের সবচেয়ে শক্তিশালী দাবিদারদের একজন হিসেবে দেখা হচ্ছে ইয়ামালকে। এই পুরস্কার জিততে পারলে তিনি ইতিহাসের সর্বকনিষ্ঠ ব্যালন ডি’অরজয়ী ফুটবলার হবেন।
বর্তমান রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর। তিনি ১৯৯৭ সালে ২১ বছর ৯২ দিন বয়সে ব্যালন ডি’অর জিতেছিলেন। প্রায় ২৯ বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ড এবার ভাঙার অপেক্ষায়।
এদিকে বিশ্বকাপের পর আরও একটি সুখবর পেয়েছেন ইয়ামাল। ট্রান্সফারমার্কটের সর্বশেষ মূল্যায়নে তার বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে ২২০ মিলিয়ন ইউরো, যা নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের সমান।
সফল মৌসুম শেষে বর্তমানে ছুটিতে রয়েছেন লামিন ইয়ামাল। নতুন মৌসুমে বার্সেলোনার হয়ে আরও বড় লক্ষ্য নিয়ে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন এই স্প্যানিশ বিস্ময়বালক।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম