বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ব্রাজিল জাতীয় ফুটবল দল চলতি বছরের শেষ দিকে ভারতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় রয়েছে কলকাতা। ব্রাজিলের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও ভারতীয় আয়োজকদের মধ্যে এ নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলমান ফিফা বিশ্বকাপ চলাকালেই ভারতীয় আয়োজকদের সঙ্গে সিবিএফের আলোচনা শুরু হয়। বিশ্বকাপে ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছ থেকে ব্রাজিল যে বিপুল সমর্থন পেয়েছে, সেটিই দেশটিতে ম্যাচ আয়োজনের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাস ব্যাপকভাবে আলোচিত হয়।
জানা গেছে, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যে ব্রাজিল তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং দ্বিতীয়টি ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচটির ভেন্যু ও প্রতিপক্ষ এখনও নির্ধারিত না হলেও, সেটি ভারতে আয়োজনের সম্ভাবনাই সবচেয়ে বেশি।
ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, ব্রাজিলকে বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারেও নিয়ে যাওয়ার প্রস্তাব ও আগ্রহ ছিল। তবে এখন পর্যন্ত কেবল ভারতের সঙ্গেই আনুষ্ঠানিক আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে।
যদি কলকাতায় ম্যাচটি আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়, তবে ব্রাজিলিয়ান ফুটবলের সঙ্গে শহরটির ঐতিহাসিক সম্পর্কের নতুন অধ্যায় যুক্ত হবে। ১৯৭৭ সালে ফুটবল সম্রাট পেলে নিউ ইয়র্ক কসমসের হয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ খেলেছিলেন।
এখনও পর্যন্ত ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ বা ম্যাচ আয়োজনের বিষয়ে সিবিএফ কিংবা ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এটি সম্ভাব্য পরিকল্পনা হিসেবেই বিবেচিত হচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম