ভোলা প্রতিনিধি | যোগফল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফকিরহাট বাজারের নবনির্মিত সেতুটি এখন স্থানীয় জনসাধারণের জন্য এক চরম আতঙ্কের নাম।
ঠিকাদারি প্রতিষ্ঠান মূল সেতুর কাজ শেষ করে চলে গেলেও দুই পাশের সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) নির্মাণ না করায় এটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সেতুর দুই পাশের অতিরিক্ত উঁচু ও খাড়া ঢালুর কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
যানবাহন ও সাধারণ মানুষের চরম ভোগান্তি:
সরেজমিনে ফকিরহাট বাজার এলাকায় গিয়ে দেখা যায়, নবনির্মিত দৃষ্টিনন্দন ব্রিজের দুই পাশে কোনো মাটি বা সংযোগ সড়ক নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান মূল ব্রিজের ঢালাই শেষ করেই তাদের কাজ গুটিয়ে নিয়েছে।
ফলে ব্রিজের দুই প্রান্ত প্রচণ্ড উঁচু ও খাড়া হয়ে আছে। এই খাড়া ঢাল বেয়ে কোনো যানবাহনই সহজে পার হতে পারছে না। প্রতিদিন ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন হালকা যানবাহন এই ঢালে উঠতে গিয়ে উল্টে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে করে প্রতিদিন কেউ না কেউ আহত হচ্ছেন।
অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ, চরম স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা:
সবচেয়ে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে চিকিৎসাসেবা নিয়ে। স্থানীয়রা অভিযোগ করেন, সংযোগ সড়কের বেহাল দশা এবং অতিরিক্ত খাড়া ঢালুর কারণে মুমূর্ষু রোগী বহনকারী কোনো অ্যাম্বুলেন্স বা জরুরি গাড়ি এই ব্রিজ পার হতে পারছে না
ফলে উন্নত চিকিৎসার জন্য রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন কয়েক গ্রামের হাজার হাজার মানুষ।
ব্যবসায়ীদের মাথায় হাত:
ফকিরহাট বাজারের ব্যবসায়ীরা জানান, মালামাল পরিবহনে তাদের চরম লোকসান ও ভোগান্তি পোহাতে হচ্ছে। মালামাল নিয়ে গাড়ি বাজারে ঢুকতে পারছে না। যেকোনো মুহূর্তে এখানে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা।
এই ‘মরণফাঁদ’ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
যোগফল অনলাইন নিউজ ডেস্ক