দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী বলেছেন, বর্তমানে দেশের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং ভবিষ্যৎ সরবরাহ নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিনি জানান, বর্তমানে দেশে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রল, ২০ দিনের জেট ফুয়েল এবং ২৫ দিনের ফার্নেস অয়েল মজুদ রয়েছে। তাই জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যেই একটি মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে। এসব অপপ্রচারে কান না দিয়ে সরকারি তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
জ্বালানি সরবরাহ আরও শক্তিশালী করতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে মনির হোসেন চৌধুরী জানান, চলতি মাসের শেষ নাগাদ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন এবং আগামী আগস্টে আরও ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। এতে দেশের জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল হবে।
প্রাকৃতিক গ্যাসের বিষয়ে তিনি জানান, বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট, তবে সরবরাহ করা সম্ভব হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এই ঘাটতি দীর্ঘদিনের হলেও বর্তমান সরকার নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে জোর দিয়ে পরিস্থিতির উন্নয়নে কাজ করছে।
সাম্প্রতিক সময়ে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের বিষয়ে তিনি বলেন, একটি এলএনজি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ)-এ আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ সাময়িকভাবে ব্যাহত হয়েছে। তবে কারিগরি দল ইতোমধ্যে মেরামতের কাজ শুরু করেছে এবং আগামী দুই দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও সরকার সতর্ক রয়েছে বলে জানান যুগ্ম সচিব। তিনি বলেন, হরমুজ প্রণালিতে জটিলতা তৈরি হওয়ার পর থেকেই লোহিত সাগর রুট ব্যবহার করে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে বিকল্প রুট ব্যবহারের জন্যও আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে আবারও স্পষ্টভাবে জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বাজারে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই। তাই গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।